
বিনোদন ডেস্ক,
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের কাঁধের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
হাসপাতালে অভিনেতার কাঁধে আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়েছে। অস্থিসন্ধির বিভিন্ন সমস্যা নির্ণয় ও চিকিৎসায় আধুনিক এই পদ্ধতি ব্যবহার করা হয়।
অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানান জুনিয়র এনটিআর। চিকিৎসকদের পাশাপাশি পরিবার, বন্ধু ও অনুরাগীদের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। শিগগিরই আবার সবার সঙ্গে দেখা করার আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেতা।
তার সুস্থতার খবর প্রকাশের পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, গত ২৭ জুলাই কাঁধে চোট পান জুনিয়র এনটিআর। এরপর চিকিৎসকেরা তাকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। তবে কীভাবে তিনি চোট পেয়েছেন, সে বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে অভিনেতার নতুন সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং নিয়েও আলোচনা চলছে। শুটিংয়ের সময়ই তিনি চোট পেয়েছেন বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়।
অস্ত্রোপচারের পর এখন তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরাই মূল লক্ষ্য। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। পুরোপুরি স্বাভাবিক কাজে ফিরতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।

























