
বিনোদন ডেস্ক,
অভিনয়জীবনের ১৪ বছরে কখনো কোনো ধরনের অশালীন বা আপত্তিকর প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের নির্দেশে স্নাতক সম্পন্ন না করা পর্যন্ত নিয়মিত অভিনয়ে যুক্ত হননি।
তিনি বলেন, ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন। পরে করোনাভাইরাস পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় অভিনয় থেকে বিরতি নেন। এ সময় তিনি স্নাতকোত্তর সম্পন্ন করে চাকরিতেও যোগ দেন।
স্ট্যাটাসে শবনম ফারিয়া দাবি করেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে কেউ কখনো সরাসরি বা ইঙ্গিতপূর্ণভাবে তাকে কোনো খারাপ প্রস্তাব দেওয়ার সাহস দেখায়নি।
তার মতে, একজন মানুষ অন্যদের যতটুকু সুযোগ দেন, তারা ঠিক ততটুকুই তার কাছে পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, মিডিয়ার অধিকাংশ মানুষ তাকে স্নেহ ও সম্মান করেন।
কাজের ধরন সম্পর্কে অভিনেত্রী জানান, তিনি সবসময় পরিচালকের মাধ্যমে কাজ করেন এবং কোনো প্রযোজকের সঙ্গে কাজের বিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। প্রয়োজন হলে পরিচালকরাই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।
বাংলাদেশের পরিচালক ও প্রযোজকদের নিয়ে প্রচলিত নানা নেতিবাচক ধারণারও সমালোচনা করেন শবনম ফারিয়া। তার দাবি, দেশে পরিচালক-প্রযোজকদের ব্যক্তিগত পার্টি আয়োজনের মতো সময় বা সুযোগ খুবই সীমিত।
তাকে নিয়ে কেউ মিথ্যা বা আপত্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে প্রমাণসহ তা প্রকাশ করবেন এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানান এই অভিনেত্রী।
স্ট্যাটাসের শেষদিকে গুজব রটনাকারীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে শবনম ফারিয়া লেখেন, “ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই।” তার দাবি, তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর জন্য ভুল মানুষকে বেছে নেওয়া হয়েছে।

























