
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
এলপি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন বেসরকারি কোম্পানি এলপি গ্যাস আমদানি ও সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। অনেক সময় গ্যাস আমদানি কমিয়ে বাজারে সরবরাহ হ্রাস করা হয়, যার ফলে সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের প্রতিটি বাড়িতে গ্যাস লাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধি করে গ্যাস আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিতে হবে। অবিলম্বে গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তারা।

























