
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২৮ বস্তা অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমলসার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. সেলিনা ইয়াসমিন বাদী হয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলাটি করেন। আসামিরা হলেন— আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দার এবং নবাব জোয়ার্দার। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।
স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার বাজারে শহীদ জোয়ার্দারের দোকানঘর ও বাড়িতে অভিযান চালান। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া। অভিযানকালে অবৈধভাবে মজুদ করা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, “কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছাতে উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি অভিযানে সার জব্দসহ জরিমানা করা হয়েছে এবং এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
অভিযানের বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, “কৃষকদের কৃত্রিম সংকটে ফেলে বা ভোগান্তিতে জড়িয়ে অবৈধভাবে মজুদ করার কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

























