
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২৮ বছর বয়সী ওই যুবক খাঁ বাড়ি এলাকার রেললাইন পার হচ্ছিলেন। এসময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কমলাপুর রেলওয়ে থানার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

























