
বিনোদন ডেস্ক,
চলচ্চিত্রের শুটিংয়ের প্রথম দিনেই কিংবদন্তি অভিনেতা মান্নার সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী অহনা রহমান। সেই পুরোনো স্মৃতি এবার সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রয়াত এই সুপারস্টারকে স্মরণ করলেন তিনি।
অহনা রহমানের বড় পর্দায় অভিষেক হয়েছিল ‘চাকরের প্রেম’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করেছিলেন রকিবুল ইসলাম রাকিব। এতে মান্নার বিপরীতে অভিনয় করার সুযোগ পান অহনা।
মঙ্গলবার শুটিংয়ের সময়কার একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে সমুদ্রসৈকতে শুটিংয়ের ফাঁকে লাল পোশাকে বসে থাকতে দেখা যায় অহনাকে। তার পাশেই খাবার খাচ্ছিলেন মান্না।
অহনা জানান, তখন তিনি একেবারেই নতুন ছিলেন। এমনকি সিনেমায় অভিনয়ের জন্য তার পরিবারও প্রস্তুত ছিল না। কিন্তু মান্না নিজে পরিচালক রকিবুল ইসলাম রাকিবকে সঙ্গে নিয়ে তাদের বাসায় গিয়ে পরিবারকে রাজি করিয়েছিলেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, মান্না তাকে বলেছিলেন—একদিন তিনিও ভালো কাজ করবেন। সেই উৎসাহ আজও মনে রেখেছেন অহনা।
তবে দুর্ভাগ্যজনকভাবে মান্নার মৃত্যুর কারণে সিনেমাটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। পরে অসম্পূর্ণ সিনেমাটি আমিন খানকে দিয়ে শেষ করা হয়।
‘চাকরের প্রেম’ সিনেমায় মান্না ও অহনা মাত্র একটি গানের শুটিং করেছিলেন। সেই গানটি পরবর্তীতে সিনেমায় রাখা হয়।
পুরোনো স্মৃতি শেয়ার করে অহনা লিখেছেন, মান্না তাদের কাছে সবসময়ই ‘দ্য সুপারস্টার’ হয়ে থাকবেন। প্রয়াত এই অভিনেতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

























