
আন্তর্জাতিক ডেস্ক,
রাশিয়ার মস্কোতে মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে বিমানটির আগমন সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর বিমানটি লাটভিয়ার রিগা থেকে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে গিয়ে অবতরণ করে।
বিমানটি যুক্তরাষ্ট্রের নিবন্ধিত টেইল নম্বর নিয়ে রিগা থেকে মস্কোর উদ্দেশে যাত্রা করে। এর আগে ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটিতে বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল।
বিমানটির মস্কো আগমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই তাদের।
সি-১৭ গ্লোবমাস্টার সাধারণত সেনা সদস্য ও ভারী সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। ফলে রাশিয়ার রাজধানীতে এর আকস্মিক অবতরণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
কেউ কেউ ধারণা করছেন, এটি কোনো কূটনৈতিক যোগাযোগ বা বন্দি বিনিময়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে বিমানটি কেন মস্কোয় গিয়েছিল, সে বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা বর্তমানে স্থবির থাকলেও দুই দেশের মধ্যে কোনো গোপন কূটনৈতিক যোগাযোগ বা আলোচনার চ্যানেল সক্রিয় রয়েছে কি না, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

























