
ক্রীড়া প্রতিবেদক,
অ্যাডিলেড একাডেমির কাছে ২১ রানে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ এইচপি।
ডারউইনের মারারা ওভালে আগে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড একাডেমি। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি।
ইনিংসের প্রথম বলেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। একপ্রান্তে লড়াই চালিয়ে যান আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
তবে আরিফুলকে যথেষ্ট সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। সাব্বির রহমান ৫ এবং অধিনায়ক ইরফান শুক্কুর করেন ৫ রান। শামীম হোসেন পাটোয়ারী করেন ১৮ বলে ১৮ রান।
শেষদিকে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। মাত্র ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এইচপি। শেষ পর্যন্ত ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে অ্যাডিলেডের ইনিংসে হেনরি হান্ট ২৯ বলে ৩৫ রান করেন। বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে আবদুল গাফফার সাকলাইন ৪টি, রুবেল ৩টি এবং আবু হায়দার রনি ও রাকিবুল একটি করে উইকেট নেন।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি।

























