
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্বের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আপডেট জানানো হয়। প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতাধীন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন। ওয়ার্ড/ইউনিয়ন ভিত্তিক মনিটরিং টিম, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিমকে বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি। আযান ও নামাজের সময় শব্দ নিয়ন্ত্রিত করা এবং মাইকের ব্যবহার এড়িয়ে সাউণ্ড সিস্টেম ব্যবহারের অনুরোধ করা হয়।
গুজব প্রতিরোধে টিম গঠন এবং ফেসবুক মনিটরিং এর মাধ্যমে উস্কানিমূলক পোস্ট বা গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী মডেল থানার ওসি, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, কলেজ ও বিদ্যালয়ের প্রধানগণ ছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গুজব এড়িয়ে চলার অনুরোধ করেন ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

























