
কক্সবাজার অফিস:
কক্সবাজারের রামু উপজেলার পুরনো শ্রিকুল বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রামু থানা পুলিশ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহ উদ্ধার হওয়া ভিক্ষুর নাম থুই নু মং মারমা (২২) ওরফে কিমা চারা। তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের বাসিন্দা। তিনি মং শিপ্রু মারমা ও সিংমা অং এর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে খাবার সেরে তিনি বিহারে প্রবেশ করেন। বেলা এগারোটার দিকে অন্য কর্মচারীরা খাবারের জন্য তাকে ডাকতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ আত্মহত্যার কথা বললেও অনেকে মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখছেন।
স্থানীয় সূত্র জানায়, ভিক্ষু থুই নু মং মারমা গেল দুই বছর ধরে ওই বিহারে দায়িত্ব পালন করে আসছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























