
স্পোর্টস ডেস্ক,
স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি গেমার ক্যাথ বোয়ি টুইচে সবচেয়ে বয়স্ক নারী ফোর্টনাইট স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। অনলাইনে তিনি ‘গ্রাম্পিগ্রান৪৮’ নামে পরিচিত।
প্রায় ৯ বছর ধরে অনলাইনে গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করছেন ক্যাথ। ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে ফোর্টনাইটের সঙ্গে পরিচয় হলেও পরে গেমটির প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়।
ক্যাথ বলেন, শুরুতে তার নাতি বিশ্বাসই করতে পারেনি যে তিনি গেম খেলতে পারবেন। নাতির সেই কথাই তাকে আরও উৎসাহিত করে। এরপর বয়সকে বাধা না মেনে নিয়মিত ফোর্টনাইট খেলতে শুরু করেন তিনি।
অন্য গেম খেললেও ফোর্টনাইটের মতো আকর্ষণ আর কোনো গেমে পাননি বলে জানান ক্যাথ। তাই নিজেকে শুধু গেমার নয়, ‘ফোর্টনাইটার’ হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি।
‘গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস গেমার এডিশন ২০২৭’-এ জায়গা পাওয়াকে দীর্ঘদিনের স্বপ্ন উল্লেখ করে ক্যাথ বলেন, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের।


























