
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশ ও থানা সূত্র জানায়, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে পূর্বধলায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে নিলামের সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। পরে আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা ও তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় পরদিন যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আসামি করা হয়।

























