
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দীঘিনালা জোনের উদ্যোগে বাবুছড়া, বরাদম ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকার কোমলমতি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এক মাসব্যাপী প্রশিক্ষণে ৪২ জন পাহাড়ি শিক্ষার্থী অংশ নেয়।
প্রশিক্ষণ শেষে সনদপত্র পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সাধারণ মানুষ ও প্রশিক্ষণ থেকে উপকৃত শিক্ষার্থীদের অভিভাবকেরা দুর্গম এলাকায় এমন উদ্যোগ গ্রহণের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।


























