
আন্তর্জাতিক ডেস্ক,
পানির নিচে একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে চীন। কোনো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নির্ধারিত পথে সমন্বিতভাবে চলেছে ড্রোনগুলো।
গত ২৯ আগস্ট উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও শিয়ান তিয়ানহে মেরিটাইম টেকনোলজিসের যৌথ উদ্যোগে এ পরীক্ষা চালানো হয়। ৫০ মিটার দীর্ঘ একটি সুইমিং পুলে ‘টিএইচ-৬১৮’ মডেলের ড্রোনগুলো ৩৪ মিনিটে অতিক্রম করে ৫০০ মিটার পথ।
পরীক্ষায় ড্রোনগুলো বাস্তব সময়ের তথ্য ব্যবহার করে নিজেদের গতিপথ ঠিক রাখে। কোনো বাধা বা পরিবর্তন দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে পথও সংশোধন করতে পারে তারা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষাটি পরে রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়।
গবেষকদের মতে, পানির নিচে শতাধিক ড্রোনের এমন সমন্বিত চলাচল সামুদ্রিক গবেষণা ও অবকাঠামো পরিদর্শনে নতুন সম্ভাবনা তৈরি করবে। সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং তেল-গ্যাসের পাইপলাইন পর্যবেক্ষণেও এ প্রযুক্তি কাজে লাগতে পারে।
























