
চট্টগ্রাম প্রতিনিধি,
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্যেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার পথ নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন আলেম-ওলামারা। তারা বলেছেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলে মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।
চট্টগ্রামের পটিয়ায় ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ হুলাইন নিমতল এলাকার ইমাম হোসাইন সড়কে হযরত ইমাম হোসাইন (রা.) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের উদ্যোগে রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে আয়োজিত ১২দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল-২০২৬-এর সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে পবিত্র কোরআন তেলাওয়াত, বোখারী শরীফ পাঠ, খতমে ছহীহ, দস্তারবন্দী, মিলাদ, নাতে রাসুল (সা.), সালাতু সালাম, ফাতেহা ও জিয়ারতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফযিলত প্রদান করা হয়।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আশেকানে মোস্তফাসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ মাহফিলের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে ফয়েজ ও বরকত লাভ করেন। পরে আগত মেহমানদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ট্রাস্টের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত, নাত-মুশায়েরা, ওয়াজ ও ধর্মীয় আলোচনা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সালাতু সালাম, ফাতেহা ও জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন কাতালগঞ্জ শেখ বাহার উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আল কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. ওবাইদুল হক আল কাদেরী, পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন ও সাংবাদিক আবদুল হাকিম রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মোতালেব মনু মেম্বার। সার্বিক সঞ্চালনায় ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বাকার আল-কাদেরী (ম.জি.আ.), প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নুরী ,আবু নোমান ইফতী, নাঈম উদ্দিন আল কাদেরী, হাফেজ আবু নোমান আল কাদেরী, হাফেজ জাকের আহমদ ছিদ্দিকীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি চরিত্র গঠন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্যও অনুকরণীয়। তাঁর দেখানো ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির পথ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

























