
মোঃ আল আমিন মল্লিক,
বরগুনা জেলার বেতাগী উপজেলায় শিক্ষাবিস্তারে এক প্রাচীন আলোকবর্তিকা কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। ১৯০৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি সম্প্রতি ১২০ বছরে পদার্পণ করেছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আবি আব্দুল্লাহ খান।
বেতাগী উপজেলা গঠন এবং স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পাওয়ার (১৯৪৪ সাল) বহু আগেই কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার কাণ্ডারি হিসেবে আলো ছড়িয়ে আসছে।
প্রায় ৪৪৮ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে রয়েছে ১০০ শতাংশ আয়তনের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ। শতবর্ষী এই প্রতিষ্ঠানটির বোর্ড স্বীকৃতি লাভ করে ১৯৪৬ সালে।
সুদীর্ঘ সময় ধরে আলোকিত সমাজ গঠন ও জাতীয় মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয় থেকে বের হয়ে মেধাবী শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ অঞ্চলে সরকারি পর্যায়ে পর্যাপ্ত মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শতবর্ষী এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলের হাজারো শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে আসা বিদ্যালয়টির সাম্প্রতিক পাবলিক পরীক্ষায় পাসের হার ৬৩.৮১ শতাংশ।
উল্লেখ্য, শতবর্ষ পেরিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ বা সরকারি করার দাবি ও আলোচনা দীর্ঘদিনের। এ প্রেক্ষাপটে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজের প্রত্যাশা বেতাগীর অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয়দের মতে, এই শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি করা হলে শুধু এলাকার শিক্ষার গুণগত মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে না, বরং এ অঞ্চলের দীর্ঘ শিক্ষা-ঐতিহ্যের প্রতিও এটি হবে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও সম্মান।


























