
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা মোঃ হাবিবুর রহমান (হাবিব) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত চলা এ মানববন্ধনে এলাকার ১৫–২০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কাঁচপুর বিসিক শিল্পনগরীর পেছন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন বাড়ছে। মাদকের প্রভাব ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এই অপতৎপরতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আর এরই ধারাবাহিকতায় প্রাণ দিতে হলো হাবিবুর রহমানকে। বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসি—নিশ্চিত করতে হবে।গত ২৬ আগস্ট ২০২৫ রাতে মাদকসেবনকে কেন্দ্র করে স্থানীয় একটি মাদক ব্যবসায়ী চক্র হাবিবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে গলা কেটে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টা পর নদীর তীরে ভেসে আসা মাথাবিহীন যুবকের মৃতদেহ শনাক্ত করা হয় হাবিবুর রহমান হিসেবে।ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। তবে বাকি আসামিরা পলাতক রয়েছেন, যাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনকারীরা প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন।

























