
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের ১ম কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দল বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো সম্ভব। যুব সমাজকে মাদক ও অনলাইনের অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিযোগিতায় দক্ষিণ বিভাগের তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ছেলেদের পাশাপাশি নারী খেলোয়াড়দের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাংসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























