
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত উপজেলা চ্যাম্পিয়নস ফুটবল টুর্নামেন্ট আগামী ২১ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। সাতকানিয়া হাই স্কুল মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।
টুর্নামেন্টটি ঘিরে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্বাস্থ্যকর বিনোদন ও স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ এই আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
টুর্নামেন্টকে সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান–এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্রীড়া কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, শাহাদাত হোসাইন এবং সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের দল নির্বাচন, খেলার সময়সূচি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই, সাতকানিয়ার প্রতিটি তরুণ মাঠমুখী হোক। এই টুর্নামেন্টকে সফল করতে প্রশাসনের সকল সহযোগিতা অব্যাহত থাকবে।”
ক্রীড়া সংগঠকরা আশা প্রকাশ করেন, এবারের টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের পারফরম্যান্স নতুন উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে জেলা–মহানগর পর্যায়ের দল গঠনে সহায়তা করবে।

























