
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও এককালীন ১৮ হাজার টাকা অনুদানের প্রতীকী ডামি চেক বিতরণ করা হয়।
আইসিটি অফিসার আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন।
সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় গত ২ সেপ্টেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। সাতকানিয়ার প্রথম ব্যাচে বিভিন্ন প্রান্তিক পেশায় নিয়োজিত ৩০ জন এতে অংশ নেন।
প্রশিক্ষণে পেশাগত দক্ষতা, যোগাযোগ, আচরণগত দক্ষতা ও ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অংশগ্রহণকারীদের ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তার মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























