
মোঃ মিজানুর রহমান সাতকানিয়া প্রতিনিধি:
নারীর অগ্রগতি, সাফল্য ও সংগ্রামের স্বীকৃতি দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের মতো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাতেও
শুরু হয়েছে “অদম্য নারী পুরস্কার ২০২৫” এর আবেদন কার্যক্রম। এই কর্মসূচির আওতায় সমাজে বিশেষ অবদান রাখা, সংগ্রাম ও সাফল্যের মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা জুগিয়েছেন- এমন নারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এ উপলক্ষে উপজেলার সকল ইউনিয়ন থেকে উপযুক্ত প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন সাতকানিয়া ফেসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি উপজেলা থেকে বাছাইকৃত নারীদের মধ্যে থেকে জেলা পর্যায়ে নির্বাচিতদের “অদম্য নারী পুরস্কার” প্রদান করা হবে। এ উপলক্ষে উপজেলার সকল ইউনিয়নের উপযুক্ত প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিতে পারবেন।
পুরস্কারের জন্য পাঁচটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে- ১.অসুবিধাগ্রস্ত পরিবেশে সফল কর্মজীবী নারী, ২. শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী, ৩. সফল জননী, ৪. নির্যাতনের দুঃসহ অতীত মুছে জীবনে সফলতা অর্জনকারী নারী, ৫. সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী। আবেদনের সঙ্গে প্রার্থীর জীবনী, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও চার কপি ছবি সংযুক্ত করতে হবে।
এই কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌমী। তিনি বলেন, অদম্য নারী পুরস্কার এমন এক কর্মসূচি, যার মাধ্যমে সমাজে অনুপ্রেরণাদায়ী ও সংগ্রামী নারীদের স্বীকৃতি দেওয়া হয়।
উল্লেখ্য, “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজে অনুপ্রেরণাদায়ী, সংগ্রামী ও সফল নারীদের অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান এবং তাঁদের গল্প অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া।

























