
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
তিন অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান লক্ষ্মীপুরের রামগঞ্জের দিনমজুর আমির হোসেন মিলন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।
রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের বাসিন্দা মিলন ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করে স্ত্রী, সন্তান ও মা-বাবার সংসার চালাতেন। সম্প্রতি চট্টগ্রামে পণ্য বিক্রির সময় বুকে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষায় ফুসফুসে ক্যান্সারের সন্দেহ হলে তাকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।
সেখানেও চিকিৎসকরা ক্যান্সারের সন্দেহের কথা জানালেও অর্থের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না মিলন। পরিবারের দাবি, দ্রুত চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন অসহায় মিলন।


























