
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায়
২২অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটগামী মালবাহী ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০৬৯১) ও রূপসীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন মৈকুলী এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

























