
আন্তর্জাতিক ডেস্ক,
মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের দুটি আশ্রয়শিবিরে পরপর বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত দুই দিনের এসব হামলায় অন্তত আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী ও যুব সংগঠনের বরাতে জানা যায়, রোববার (৪ অক্টোবর) পোন্নাগিউন এলাকায় একটি আশ্রয়শিবিরে হামলায় ছয়জন নিহত ও ১১ জন আহত হন। পরদিন সোমবার সকালে পাশের আরেকটি শিবিরে হামলায় আরও দুজন নিহত ও দুজন আহত হন।
স্থানীয় তরুণ নেতা ক্যাও উইন তুন জানান, হামলার শিকার শিবির দুটির বাসিন্দারা সবাই সাধারণ মানুষ। সংঘাতের কারণে আগেই তারা ঘরবাড়ি হারিয়েছিলেন।
হামলার বিষয়ে মিয়ানমার সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির সামরিক বাহিনী আগে দাবি করেছে, বেসামরিক হতাহত এড়াতে তারা সতর্ক থাকে। নিরপেক্ষ কোনো সূত্র থেকেও হামলার খবর স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সীমান্তবর্তী রাখাইন বর্তমানে মিয়ানমারের গৃহযুদ্ধের অন্যতম প্রধান রণক্ষেত্র। আরাকান আর্মির দখলে থাকা অঞ্চল পুনর্দখলে সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে রাখাইনের ক্যউকটাও এলাকায় আরেক বিমান হামলায় ৫০ জন নিহত ও অন্তত ৫৮ জন আহত হন।


























