
স্পোর্টস ডেস্ক,
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সাবেক আর্জেন্টাইন ফুটবলার কার্লোস ম্যাক অ্যালিস্টারের মতে, মেসির পরপরই কাউকে এই জার্সি দেওয়া উচিত নয়। কয়েক মাস সম্ভাব্য খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তিনি।
ইএসপিএনকে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি কাউকেই ১০ নম্বর দেব না।’ তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনি এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাজের নাম উল্লেখ করেছেন।
তার মতে, নির্দিষ্ট সময় পর্যন্ত কয়েকজনকে পর্যায়ক্রমে ১০ নম্বর জার্সি পরিয়ে তাদের পারফরম্যান্স ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি দেখা যেতে পারে। এরপর স্থায়ীভাবে একজনকে বেছে নেওয়া যেতে পারে।
তবে মেসির উত্তরসূরি হিসেবে অধিনায়ক ইতোমধ্যেই নির্ধারিত। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির পর ক্রিস্তিয়ান রোমেরো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন।
অধিনায়কত্বের উত্তরসূরি ঠিক হলেও মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।


























