
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরে কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের মৃত ইউপি সদস্য তুলা মেম্বারের পরিবারের পাশে দাঁড়িয়েছে মধুপুর উপজেলা মেম্বার কল্যাণ ফোরাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মানবিক সহায়তার অংশ হিসেবে মরহুমের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার ও সিনিয়র সহ-সভাপতি এম. এ. রতন হায়দার।
অনুষ্ঠানে মেম্বার কল্যাণ ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সহকর্মী জনপ্রতিনিধির অকাল মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে মরহুম তুলা মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


























