
তৌফিক আলম চৌধুরী,
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়াস্থ হাফেজ নগর দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে মহিমান্বিত ১২ই রবিউন নূর শরীফ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ও হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ শরিফুল আনোয়ার হাফেজ নগরী (রহ:)-এর পবিত্র সালানা ওরস মোবারক অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।
পীরে তরিকত হযরত মওলানা সৈয়্যদ মিনহাজ রহমান মুহাম্মদ মহিউদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনী (মাঃজিঃআ) সদারতে ১১ ও ১২ই রবিউল আউয়াল দু’দিনব্যাপী এই যৌথ আয়োজনকে কেন্দ্র করে নাতে রাসূল (সা:), খতমে কোরান, খতমে গাউছিয়া, কসিদা ই বুরদা, ছেমা মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রথম দিনে সকালে গাউছিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণ থেকে একটি জশনে জুলুস বের করা হয়। জুলুস উপলক্ষে বিশাল র্যালীটি মঞ্জিল থেকে শুরু হয়ে বৈলতলী ইউনুস মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় মঞ্জিল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর মাহফিলে মিলাদ, জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে ১১ই রবিউল আউয়াল বাদে মাগরিব থেকে সারা রাতব্যাপী ওরস মোবারকের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তী দিন ১২ই রবিউল আউয়াল সুবহে সাদিকে মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে দু’দিনব্যাপী এই পবিত্র আয়োজনের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে দরবারে আগত সকল আশেকান ও ভক্তবৃন্দের মাঝে তাবারুক বিতরণ করা হয়। গাউছিয়া রহমান মঞ্জিলের ব্যবস্থাপনায় উক্ত ওরস ও জশনে জুলুসে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

























