
মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
সিলেটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট ২০২৬) জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি তাঁর বক্তব্যে মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। তাঁরা নিজ নিজ বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
সভায় আন্তর্জাতিক অংশীদার সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, International Committee of the Red Cross (ICRC)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরি এবং International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান সোনাক্ষী দে। এছাড়াও British Red Cross ও Swiss Red Cross-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে চলমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় মানবিক সেবার পরিধি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে মানবিক সেবায় জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


























