
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ১১ দলীয় ঐক্যজোটের অন্তর্ভুক্ত এনসিপি নেতা মো. তৌহিদুর ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের রাজাপুর চৌরাস্তা থেকে বক্তাবলী বাজার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।
মিছিলে সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু বকর সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের প্রধান, সম্পাদক নিরব রায়হানসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, মিছিলে প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন। বক্তারা এনসিপি নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুর ইসলামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে বক্তাবলী বাজার ও আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।


























