
ফারুক হোসেন, ঢাকা সিটি প্রতিনিধি,
রাজধানীর পূর্ব রামপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পূর্ব রামপুরার নলেজ সিন্ডিকেট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়।
ক্যাম্পটির আয়োজনে ছিল ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ। স্থানীয়ভাবে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন রামপুরা উত্তর থানা জামায়াতের আমীর জনাব ফজলে আহমেদ ফজলুসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবকেরা।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের চিকিৎসার সুযোগ সহজ করাই এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।


























