
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন অটোচালকরা। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাগলা বাজার–জালকুড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
জানা যায়, অটো ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে অটোশ্রমিকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে চালকরা অটো চলাচল বন্ধ রেখে সড়কে অবস্থান নেন এবং পরে বিক্ষোভ মিছিল করেন।
পরে ফতুল্লা থানা শ্রমিক নেতা বাবুল ঘটনাস্থলে গিয়ে অটোশ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। একই সঙ্গে আহত শ্রমিককে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। অটো ভাড়া নির্ধারণের বিষয়ে স্থানীয় ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অটোশ্রমিক ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হলে চালকরা সড়ক থেকে সরে যান।
এর আগে গত ১৯ আগস্ট অযৌক্তিক অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তারা পাগলা–জালকুড়ি রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং সর্বনিম্ন ভাড়া ৫ টাকা করার দাবি জানান।
বর্তমানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


























