
আন্তর্জাতিক ডেস্ক,
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।
সড়কপাশের ওই চেকপোস্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী বলে জানিয়েছে প্রাদেশিক জরুরি সেবা।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান—টিটিপি।
আফগান সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বেড়েছে। পাকিস্তান এসব হামলার জন্য টিটিপি ও বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। আফগান ভূখণ্ড ব্যবহার করে হামলার অভিযোগও করেছে ইসলামাবাদ, তবে তা অস্বীকার করেছে কাবুল।
সীমান্তে সাম্প্রতিক সংঘাতের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনাও বেড়েছে।


























