
চট্টগ্রাম প্রতিনিধি,
পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিকভাবে পর্যটন গন্তব্যগুলো তুলে ধরতে না পারায় দেশের পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার আগামীর পর্যটন’।
জেলা প্রশাসক বলেন, পর্যটনের বিকাশে স্বল্পমেয়াদি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মানকে অগ্রাধিকার দিতে হবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও লেকসহ প্রাকৃতিক সৌন্দর্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, পর্যটন খাতে গবেষণা ও সুনির্দিষ্ট পরিকল্পনা বাড়াতে হবে। তরুণদের এ খাতে যুক্ত করে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ কাজে লাগাতে সরকার, প্রশাসন ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
হোটেল-রেস্তোরাঁর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।


























