
আন্তর্জাতিক ডেস্ক,
নেপালে ভয়াবহ বন্যার মধ্যে আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। টানা তিন দিন চেষ্টা চালানোর পর রোববার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত করতে সক্ষম হয়েছে নেপালি সেনাবাহিনী। তবে গর্ত তৈরির পর উদ্ধারকারীরা ভেতরে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
নেপালি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় সাত মিটার চওড়া সুড়ঙ্গটির ভেতরে বেশ ওপর পর্যন্ত পানি উঠে গেছে। উদ্ধারকাজ দ্রুত করতে এখন গর্তটি আরও বড় করার চেষ্টা চলছে।
সেনাবাহিনীর ধারণা, সুড়ঙ্গের ভেতরে অন্তত ৩৫ জন আটকা পড়ে থাকতে পারেন। তবে নেপাল পুলিশের হিসাবে, আটকে পড়া মানুষের সংখ্যা প্রায় ২০০ হতে পারে। ফলে প্রকৃত সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারত-চীনের বিশেষজ্ঞ দল নেপালে
দেশজুড়ে ভয়াবহ বন্যার কারণে উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করতে ভারত ও চীন থেকে বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। আধুনিক উদ্ধার সরঞ্জাম নিয়ে তারা বিভিন্ন এলাকায় কাজ করছে।
নেপালি সেনাবাহিনী জানিয়েছে, ত্রিশূলি প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধারকাজ জটিল হলেও বন্যাকবলিত অন্যান্য এলাকা থেকে ইতোমধ্যে চীনা ও ভারতীয় নাগরিকসহ চার শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারে এখন পানি সরানো, প্রবেশপথ বড় করা এবং বিকল্প পথে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

























