
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অভিযানে সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানের আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা হয়।
এ সময় মশাবাহিত রোগ থেকে সুরক্ষায় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


























