
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ অক্টোবর তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে কর্মসূচি শেষ হবে টেকনাফের জিরো পয়েন্টে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। ৩৬ দিনের এই যাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলা হবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ অক্টোবর ঢাকার শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করবে সংগঠনটি। এরপর পূর্বাঞ্চলের দিকে যাত্রা করে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ শেষ হবে।
কর্মসূচির তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সর্বস্তরের মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।


























