
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ, খেলাধুলার সামগ্রী, সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর, এবং অসহায়-দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলে।
“এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে সুফলভোগী খামারিদের হাতে বকনা বাছুর, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ, খেলাধুলার জন্য ফুটবলসহ বিভিন্ন সামগ্রী এবং অসহায়-দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
“প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের আমলের নির্যাতন-নিপীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবক হিসেবে দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। দেশনায়ক তারেক রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে জনকল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
“তিনি বলেন, “দলমত নির্বিশেষে আমরা সকলের সেবক—এ কথাটি সবসময় মনে রাখতে হবে। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।” মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বাবুল বলেন, নিজ দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
“এ সময় তিনি চরভদ্রাসন বাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গোপালপুর- মৈনট ফেরিঘাটের কাজের বিষয়ে সুখবর দেন। তিনি জানান, ফেরিঘাটের কাজের জন্য বরাদ্দ হয়েছে এবং অতি দ্রুত এর কাজ শুরু হবে।
“অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, এজিএম বাদল আমিন, সাবেক বিএনপি সভাপতি শাজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফর, প্রস্তুতি কমিটির সদস্য গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, আমিনুল হক বাচ্চু, মোস্তফা কবির বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের মোবারক হোসেন, ছাত্রদল সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লা, সদস্য সচিব শামিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


























