
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশ নেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি-ঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত সড়কটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


























