
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আইন বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়াতে ‘আইনের আলো’ নামে আইনবিষয়ক ম্যাগাজিন প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদের উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিনটিতে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন আইনি বিষয় সহজভাবে তুলে ধরা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চবি উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
‘আইনের আলো’ ম্যাগাজিনে মোবাইল ফোন চুরি, পুলিশি হয়রানি, ভুয়া পরিচয়ে তথ্য প্রচার, জায়গা-জমি সংক্রান্ত সমস্যা ও নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক আইনি পদক্ষেপের ধারণা দেওয়া হয়েছে। আইনকে সাধারণ শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলা এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক আইনি বিষয়ে তাদের সচেতন করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমরা অনেক সময় আইনকে খুব কঠিন বিষয় হিসেবে দেখি। কিন্তু বাস্তব জীবনে আমাদের নানা ধরনের আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। কারও মোবাইল ফোন চুরি হলে কী করতে হবে, পুলিশি হয়রানির শিকার হলে কোথায় যেতে হবে, কেউ ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচার করলে কীভাবে প্রতিকার পাওয়া যায়, জায়গা-জমি নিয়ে সমস্যা হলে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে—এসব বিষয় একজন সাধারণ মানুষের জানা প্রয়োজন।’
তিনি বলেন, ‘এই বইটি সেই জায়গায় শিক্ষার্থীদের জন্য এক ধরনের ফার্স্ট এইড অব ল’ হিসেবে কাজ করতে পারে।’
উপাচার্য আরও বলেন, ‘আমরা সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে চাই। শিক্ষা ও গবেষণায় মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় গড়তে চাই।’ এ সময় তিনি ম্যাগাজিন প্রকাশের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
চাকসুর আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদের উদ্যোগে ম্যাগাজিনটি প্রকাশিত হয়। তিনি অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বও পালন করেন। আইন ও মানবাধিকারবিষয়ক দায়িত্বের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


























