
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলাওল হল ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ আগস্ট, আলাওল হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য সাঈদ আল নোমান।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হল প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চবি সিনেট সদস্য ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এসব আমাদের বিকাশের হাতিয়ার। সাধারণ মানুষের অংশগ্রহণে, স্বৈরাচার পতনের পরেও সমাজের অসংগতি সমূহ দূর হয়নি, মানুষ পরিবর্তন হয় কিন্তু সামাজিক কাঠামো পরিবর্তন না হলে, সেই সমাজের কালচার তথা আমাদের আর কোনো পরিবর্তন আমরা দেখতে পাব না।’
এসময়, তিনি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি ও প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানান এবং ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রীতিভোজের জন্য নিজ বরাদ্দে দশ হাজার টাকা উপহার দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজীজুল বারী হেলাল সবাইকে শুভেচ্ছা জানান এবং আলাওল হল মাঠের ফুটবল ম্যাচ তিনি দারুণভাবে উপভোগ করেছেন এবং কর্তৃপক্ষের কাছে খেলার পরিবেশের উন্নয়নের জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
আয়োজনে সভাপতির বক্তব্যে, চবি আলাওল হল প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী উপস্থিত অতিথি এবং বিজয়ী ও বিজিত উভয় দলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আলাওল হলকে একটি সুন্দর ও মনোরম আবাসিক হলে উন্নীত করতে আমাদের কাজ চলমান। আমাদের মাননীয় প্রধান অতিথি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন, তা হলো মাঠ সংস্করণ। হল মাঠ ও হলের সার্বিক পরিবেশের উন্নয়নে কাজ চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।’ এছাড়াও তিনি পরবর্তী থেকে হলে আয়োজিত সকল ক্রীড়া অনুষ্ঠানে খেলোয়ারদের স্পোর্টস বুট দেওয়ার ঘোষণা করেন এবং আলাওল হলকে খেলাধূলায় এগিয়ে নিতে আবাসিক শিক্ষার্থীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করবেন বলে জানান।

























