
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,
দীর্ঘদিনের গ্যাস সংকটের পর গাজীপুরের কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কিছুটা বাড়ায় পোশাক কারখানাগুলোতে উৎপাদনে গতি ফিরেছে। সচল হয়েছে বয়লার ও ভারী যন্ত্রপাতি, বেড়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা।
শিল্প পুলিশ ও স্থানীয় বাণিজ্য সূত্র জানায়, ঢাকা ইপিজেড, গাজীপুর, কোনাবাড়ী, মৌচাক ও কালিয়াকৈর এলাকায় ছোট-বড় প্রায় ১ হাজার ৮০০ শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ৭ থেকে ৮ লাখ শ্রমিক।
কারখানা সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হয়। অনেক কারখানায় ১০ পিএসআই প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছিল ১ থেকে দেড় পিএসআই। এতে বয়লার ও ডাইং ইউনিট চালাতে সমস্যা হওয়ায় উৎপাদন খরচও বেড়ে যায়।
তবে গত দুই দিনে গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে। কোনো কোনো এলাকায় চাপ ২ দশমিক ৫০ পিএসআই থেকে বেড়ে ৬ দশমিক ৫৯ পিএসআই পর্যন্ত উঠেছে। এতে জমে থাকা অর্ডারের কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
নুর গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, তাদের কারখানায় প্রয়োজনীয় চাপ ১০ পিএসআই হলেও বর্তমানে ৬ দশমিক ৫৯ পিএসআই পাওয়া যাচ্ছে। এতে উৎপাদনে গতি ফিরেছে। একই সঙ্গে ব্যাংক সহায়তা এবং বকেয়া গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ চান উদ্যোক্তারা।
তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাখাওয়াত বলেন, সিস্টেমে গ্যাসের চাপ বাড়ায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। অঞ্চলভেদে ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হচ্ছে।


























