
বিনোদন ডেস্ক,
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হাসিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হাসিবুর রিধিকার প্রেমিক। তাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রিধির বাসা থেকে হাসিবুরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি জানান, রিধির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
শনিবার সকালে রিধিকে তার বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

























