
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে অবস্থিত সদর দপ্তর লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে ব্যাটালিয়ন সদর দপ্তরে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের অংশ হিসাবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক পরিচালক মোঃ জিয়াউর রহমান এবং উপ-অধিনায়ক- উপ পরিচালক মোহাম্মদ আজিজুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের জেলা কমান্ড্যান্ট নোয়াখালী, জেলা কমান্ড্যান্ট চাঁদপুর, জেলা কমান্ড্যান্ট লক্ষ্মীপুর, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ, ।
সকালে প্রধান অতিথি রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে ব্যাটালিয়নের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) সদর দপ্তরের সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বৃক্ষ রোপন করা হয়।
সকাল ১০টায় রেঞ্জ পরিচালক ব্যাটালিয়নের সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ‘দরবার’ পরিচালনা করেন। বাহিনীর শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ ও ইউনিটের অবসরপ্রাপ্ত সদস্যদের উপস্থিতিতে এক আবেগঘন স্মৃতিচারণমূলক সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করা হয়।
বিকাল সাড়ে ৩টায় সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

























