
বিনোদন ডেস্ক,
সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ কিরণ মজুমদার। নেটপ্রভাবী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। ‘বাবা’ নামের সিনেমাটিতে প্রথমবার অভিনয় করেই মায়ের চরিত্রে দেখা যাবে তাকে।
প্রথম সিনেমাতেই এমন চরিত্রের প্রস্তাব পেয়ে কিছুটা দ্বিধায় ছিলেন কিরণ। তবে গল্প ও চরিত্রের গভীরতা বুঝে শেষ পর্যন্ত রাজি হন তিনি। অভিনয়ের নতুন অভিজ্ঞতা, জীবনের কঠিন সময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী।
কিরণ জানান, গত বছর লাদাখ ভ্রমণে যাওয়ার সময় ‘বাবা’ সিনেমার পরিচালক জিৎ চক্রবর্তীর কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পান তিনি।
তার ভাষায়, ‘প্রথমে শুনেছিলাম মায়ের চরিত্র, একটু দ্বিধা হয়েছিল। কিন্তু পরে চরিত্রটার ব্যাপারে আরও ভালো করে জানার পর দেখলাম—বিষয়টি খুব সুন্দর।’ গল্পের গুরুত্ব ও চরিত্রের গভীরতাই তাকে অভিনয়ে রাজি করিয়েছে।
আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘বাবা’। ইতোমধ্যে সিনেমাটির একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। পর্দায় কিরণ ও বিক্রমের রসায়ন নিয়েও আলোচনা চলছে। নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কোনো সমস্যা হয়নি জানিয়ে কিরণ বলেন, পুরো টিম তাকে সহযোগিতা করেছে। প্রথম সিনেমা হওয়ায় ভুল হলে সবাই বুঝিয়ে দিয়েছেন।
অভিনেত্রী হওয়ার স্বপ্নের শুরু প্রসঙ্গে কিরণ জানান, গহনা প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের মুখ হওয়ার প্রস্তাব পাওয়ার পর মুম্বাই থেকে কয়েকটি ফোন আসে তার কাছে। পরে নেটফ্লিক্সের তিন মাসের একটি কর্মশালায় যোগ দেন। ব্যক্তিগত নানা কারণে মাঝপথে কিছু সুযোগ হাতছাড়া হলেও এখন কাজের বিষয়ে আরও মনোযোগী তিনি।
জীবনের কঠিন সময় পেরিয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন কিরণ। শারীরিক নানা কারণে একসময় ওজন বেড়ে যাওয়া ও আত্মবিশ্বাসের অভাবসহ নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি।
কিরণ বলেন, ‘আগে নিজের পোস্টার বা ছবি দেখে বিশ্বাসই করতে পারতাম না যে এটা আমি। ছোটবেলায় ছবি তুলতে লজ্জা পেতাম। জীবনটা রোলার কোস্টারের মতো ছিল।’ তবে এখন নিজেকে সামলে নিতে শিখেছেন। দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি মনে করেন তিনি।
সিনেমায় মায়ের চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তবেও শিশুদের খুব ভালোবাসেন কিরণ। এ কারণেই পর্দার মেয়ে ছোট্ট অশ্লেষার সঙ্গে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে তার। জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আপাতত প্রেম কিংবা বিয়ের কথা ভাবছেন না তিনি। তবে ভবিষ্যতে নিজের মতো একটি কন্যাসন্তান পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান কিরণ। এ জন্য নাচ ও জিমন্যাস্টিকসের মতো বিষয়েও নিয়মিত সময় দিচ্ছেন। কর্মজীবনের অনিশ্চয়তা মাথায় রেখে মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি বিকল্প পথও খোলা রাখতে চান তিনি।
নিজের অনুপ্রেরণা হিসেবে শাহরুখ খানের একটি কথার উল্লেখ করেন কিরণ। কারও খারাপ না চেয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া এবং বাকিটা ভগবানের হাতে ছেড়ে দেওয়াই এখন তার মূলমন্ত্র।
এদিকে আরও একটি কাজের শুটিং করছেন তিনি। এর প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। পরবর্তী ধাপের শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে।

























