
আরিফ আহমেদ,
নদী ভাঙন আতঙ্কে এখন রাত জেগে পাহারা দিচ্ছেন বরিশালের চরকাউয়া ইউনিয়নের সাতানি ও নয়ানি গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে তাদের ফসলি জমি ও বেশ কিছু ঘরবাড়ি। এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলেই তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি চরকাউয়া বাস টার্মিনাল থেকে সাতানি ও নয়ানি এলাকাসহ মোট তিন কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী চরকাউয়া বাস টার্মিনাল থেকে দক্ষিণে আশ্রয়ণ প্রকল্পের সীমানা পর্যন্ত বেড়িবাঁধ তৈরি হয়েছে। তাহলে আমাদের অংশে কেন আজ পর্যন্ত জিও ব্যাগও ফেলা হয়নি?
এদিকে বরিশালের বেশিরভাগ উপজেলা থেকেই একের পর এক ভাঙনের সংবাদ শিরোনাম হচ্ছে এবং সরকারি ভাবে এজন্য ব্যবস্থা নিতে অর্থ বরাদ্দ হলেও আজ পর্যন্ত অর্থছাড় দেওয়ার সংবাদ পাওয়া যায়নি।
সরেজমিনে ২১ নভেম্বর অবিরাম বৃষ্টি মাথায় নিয়ে
কীর্তনখোলা নদী তীরবর্ত্তী এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও নদীর পানি সরাসরি মাটির পাড়ে আঘাত করছে, কোথাও পাড়ের মাটি ধসে পড়েছে। নদীর তীরে আগে ফেলা জিও ব্যাগ ও ব্লকের পাশে রয়েছে অরক্ষিত অংশ। জোয়ারের পানির সঙ্গে নদীর স্রোত আছড়ে পড়ছে এসব স্থানে। ভাঙন অব্যাহত থাকলে বসতভিটা, ফসলি জমি ও চলাচলের পথ হারানোর আশঙ্কা করছেন বাসিন্দারা।
বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাতানি ও নয়ানি গ্রামে রীতিমতো আতঙ্কিত মানুষ। প্রায় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ইতিমধ্যে নদী খেয়েছে। ৫০/৬০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে বলে দাবী তাদের ওপারে বরিশাল নগরীর সীমানায় বড় হচ্ছে চড়। সীমানা বাড়ছে নগরীর ৭ ও ৯ নং ওয়ার্ড এলাকার। এখানে স্থানীয়দের অভিযোগ, চরকাউয়া বাস টার্মিনাল থেকে দক্ষিণের আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত বাঁধ নির্মাণ হলেও সাতানি ও নয়ানি গ্রামের নদীতীর একইভাবে সুরক্ষিত হয়নি। ফলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের বাইরে থাকা এই দুই গ্রামের মানুষ এখন নতুন করে ভাঙনের মুখে পড়েছেন। তাদের প্রশ্ন, নদী তীর রক্ষার পরিকল্পনায় যদি পুরো এলাকার কথা বিবেচনা করা হয়ে থাকে, তবে ঝুঁকিপূর্ণ অংশে কাজের ধারাবাহিকতা কোথায়?
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের সময় চরকাউয়া নদীতীর রক্ষায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২২ সালে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে তিনি চরকাউয়া ঘাটের দুই পাশে মোট ছয় কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের কথা জানান। একই প্রতিবেদনে চরকাউয়ার সাতআনি ও নয়আনি এলাকায় টেকসই বাঁধ নির্মাণের নির্দেশনার কথাও উল্লেখ করা হয়। নদীর স্রোত ও ভাঙন মোকাবিলায় জিও ব্যাগ এবং কংক্রিট ব্লক দিয়ে তীর সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছিল।
কিন্তু স্থানীয়দের দাবি, ওই উদ্যোগের সুফল তারা পুরোপুরি পাননি। যে অংশে বাঁধ নির্মাণ হয়েছে, সেখানে কিছুটা স্বস্তি এলেও পাশের অরক্ষিত এলাকায় ভাঙন থামেনি। বরং নদীর গতিপথ, স্রোতের চাপ এবং জোয়ারের প্রভাবে ভাঙন আরো তীব্র হয়েছে।
বরিশালের নদীভাঙন এখন শুধু চরকাউয়ার সাতানি-নয়ানির সমস্যা নয়। নগরীর পুরোনো দপদপিয়া খেয়াঘাট থেকে নলছিটি সড়কের মল্লিকপুর অংশেও সুগন্ধা নদীর ভাঙনে প্রধান সড়ক হুমকির মুখে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক দশকে মল্লিকপুর এলাকায় প্রায় ৫০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে বরিশালের সঙ্গে নলছিটি, ঝালকাঠি, মোল্লারহাট ও ঘোষকাঠির যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
অন্যদিকে বাকেরগঞ্জের কারখানা নদীর ভাঙনে দুধল ইউনিয়নের দুধল, দাড়িয়াল ও দুধলের বাহেরচর গ্রাম ঝুঁকিতে রয়েছে। তুলাতলি নদীর ভাঙনে তুলাতলা, তাণ্ডব, খয়রাবাদ, বেবাজ ও কাতিভাঙা এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। একই নদীর ভাঙনে কলসকাঠী, বোয়ালিয়া, বাখরকাঠী, নীলগঞ্জ ও চরামদ্দি এলাকার বসতবাড়িও হুমকির মুখে।
মেঘনার ভাঙনে ভোলার রাজাপুর, দৌলতখান, গুপ্তের বাজার, সৈয়দপুর, ভবানীপুর এবং শহরসংলগ্ন ধনিয়া ও কাঁচিয়া এলাকায় নদীতীরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কালাবদর নদীর স্রোতে বরিশাল ও ভোলার মধ্যবর্তী আলিমাবাদ ইউনিয়নের অধিকাংশ গ্রাম বিলীন হয়েছে বলে স্থানীয়দের দাবি। এদিকে বরিশাল সদর উপজেলার পার্শ্ববর্তী চাঁদপুরা ইউনিয়নও রয়েছে এই ভাঙনের ঝুঁকিতে।
পানি উন্নয়ন কতৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত ১৮ নভেম্বর রাত একনেক সভায় বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে প্রকল্পটি চরকাউয়ার কীর্তনখোলা নদীর সাতানি-নয়ানি অংশের জন্য নয় বলে জানালেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল। তিনি বলেন, সাতানি ও নয়ানির জন্য আমরা বরাদ্দ চেয়েছি, তবে এখনো অনুমোদন পাইনি। একনেক সভায় বরাদ্দ শুধু বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার জন্য। সেটাও অর্থছাড় হতে আরো সময় লাগবে। আমরা এদিকের পরিস্থিতি মন্ত্রণালয়ে নিয়মিত আপডেট দিচ্ছি। বরাদ্দ ও অর্থছাড় এদুটোই দ্রুত প্রয়োজন বলে জানান তিনি।
এরফলে নতুন প্রকল্পের আশায় থাকলেও চরকাউয়ার বাসিন্দাদের তাৎক্ষণিক সুরক্ষার দাবি থেকেই যাচ্ছে।
নদীভাঙন শুধু জমি বা ঘরবাড়ি হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবিকা, সামাজিক সম্পর্ক, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা। একবার নদীগর্ভে চলে গেলে জমি কিংবা বসতভিটা ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে না। তাই ভাঙন তীব্র হওয়ার পর জরুরি জিও ব্যাগ ফেলার পাশাপাশি আগেভাগে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে স্থায়ী তীর সংরক্ষণ জরুরি।
বরিশালের চরকাউয়ার সাতানি ও নয়ানি গ্রামের বাসিন্দাদের দাবি, প্রতিশ্রুত বাঁধের অরক্ষিত অংশ দ্রুত চিহ্নিত করে সেখানে জিও ব্যাগ ও ব্লক ফেলার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। নদীভাঙনের আতঙ্কে রাত জেগে পাহারা দেওয়া মানুষগুলোর প্রশ্ন- আর কত ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হলে তাদের অংশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে?

























