
শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি,
সিলেট নগরীর রায়নগরে আলোচিত ট্রিপল মার্ডার মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত খুনিদের আড়াল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে নিহত এম এ সাত্তারের পরিবার। গ্রেপ্তার রংমিস্ত্রি বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিকে ‘কাল্পনিক ও শেখানো বুলি’ আখ্যা দিয়ে তৎকালীন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আলামত নষ্ট এবং প্রকৃত অপরাধীদের রক্ষার অভিযোগও তুলেছেন তারা।
শনিবার দুপুরে নগরীর মিরাবাজারের হোটেল সুপ্রীমে ‘নিহত এম এ সাত্তারের পরিবারবর্গ এবং ন্যায়বিচারপ্রার্থী শোকাহত জনতা’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে দুটি অংশে বক্তব্য উপস্থাপন করা হয়। ১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে বসবাসরত নিহত এম এ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাপ্রবাহ তুলে ধরেন। অন্যদিকে, নিহতের গত ১০ বছরের সহযোগী মুহম্মদ তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের আগে চলমান ভূমি বিরোধের বিস্তারিত তথ্য ও দলিল উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে তৌহিদুল ইসলাম দাবি করেন, রিকাবীবাজার পুলিশ লাইন-সংলগ্ন ‘লুসাই গির্জা সমিতি, সিলেট’-এর জমি দখল ও দুর্নীতির মামলায় সাক্ষ্য দেওয়ার জেরেই গত ১২ আগস্ট ২০২৬ সালে রায়নগরের নিজ বাসায় এম এ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যা করা হয়।
তিনি জানান, ১৯৯৭ সালে নিবন্ধিত লিজ দলিলের মাধ্যমে এম এ সাত্তার ও সেলিনা সুলতানা যৌথভাবে জমি লিজ নিয়ে ভোগদখলে ছিলেন। পরবর্তী সময়ে আরও কয়েকটি দলিলের মাধ্যমে তাঁদের লিজ নেওয়া জমির পরিমাণ দাঁড়ায় ১২ শতক। অভিযোগ অনুযায়ী, ২০০৬ সালে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম একটি জাল আমমোক্তারনামা ব্যবহার করে লুসাই গির্জা সমিতির ৮০ শতক জমি নিজের প্রতিষ্ঠান ইম্পালস বিল্ডার্স লিমিটেডের নামে দলিল করেন এবং পরে অবৈধভাবে নামজারি করান। ২০১৭ সালে ওই নামজারি বাতিল হয়। জাল দলিল বাতিলের দাবিতে এম এ সাত্তার একাধিক মামলা করেন।
তৌহিদুল ইসলামের বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালে ইম্পালস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মুহিউল ইসলাম চৌধুরী ওই জমি ও ‘ইম্পালস টাওয়ার’ বিক্রির জন্য তাঁর সঙ্গে চুক্তি করেন। তবে এর আগেই একই সম্পত্তি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর এবং প্রায় ৩০০ প্রবাসীর কাছে দোকান ও ফ্ল্যাট বিক্রির অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা করার পর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে একাধিক পাল্টা মামলা করেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লুসাই গির্জা সমিতির চেয়ারম্যান জমিংথাংগা লুসাইয়ের স্বাক্ষর জাল করে নামজারির অভিযোগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। ওই মামলায় সিলেট সদর সাব-রেজিস্ট্রার মুজিবর রহমান পাটোয়ারী, অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ছাড়া ভূমি-সংক্রান্ত আরও কয়েকটি মামলার পুনঃতদন্ত চলছে বলেও জানানো হয়।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের বিরুদ্ধে অতীতে প্রাণনাশের হুমকি, বাসায় গিয়ে প্রকাশ্যে হুমকি এবং আদালত প্রাঙ্গণে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগও আনা হয়। এসব ঘটনায় জিডি ও মামলা করা হয়েছে বলে জানান বক্তারা।
ট্রিপল মার্ডার মামলায় গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারার জবানবন্দি এবং তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরীর ভূমিকা নিয়ে আটটি প্রশ্ন তোলেন নিহতের ছেলে আরিফ ইফতেখার। তাঁর দাবি, বাবুলের জবানবন্দিতে বলা হয়েছে, তিনি একাই ব্যালকনি দিয়ে বাসায় প্রবেশ করে ২৩ মিনিটের মধ্যে তিনজনকে হত্যা, নিজের শরীর ও ছুরির রক্ত পরিষ্কার, কাটা হাতে কাপড় বাঁধা, তিনটি আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা এবং পরে নিরাপদে পালিয়ে যান। আরিফের মতে, একজন অদক্ষ মানুষের পক্ষে এত অল্প সময়ে এসব কাজ করা সম্ভব নয়।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে তিনি দাবি করেন, বাবুল সকাল ৯টা ২৭ মিনিট ১৫ সেকেন্ডে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৫০ মিনিটে বেরিয়ে যান। এ সময় বাসায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৬৮ হাজার টাকা এবং পাউন্ড থাকা সত্ত্বেও তিনি শুধু ১৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। আরিফের প্রশ্ন, ওই সময়ে ঘটনাস্থলে কয়েকজন ব্যক্তি উপস্থিত থাকলেও তাঁদের চোখ এড়িয়ে কীভাবে বাবুল পালিয়ে গেলেন।
আলামত উদ্ধারের বিষয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আরিফ। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের দিন শতাধিক স্থানীয় মানুষের উপস্থিতিতে পাশের খালি জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ কোনো ছুরি পায়নি। অথচ পরদিন স্থানীয়দের অনুপস্থিতিতে সেখান থেকেই সাদা ব্যাগসহ ছুরি উদ্ধারের কথা জানানো হয়। সিসিটিভি ফুটেজে বাসায় প্রবেশের সময় বাবুলের হাতে কোনো ব্যাগ বা ছুরি দেখা যায়নি বলেও দাবি করেন তিনি। কথিত ১৫ হাজার টাকা উদ্ধারের বিষয়েও তদন্তে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন আরিফ।
সুরতহাল প্রতিবেদনের সঙ্গে বাবুলের জবানবন্দির মিল নেই দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডের ধরন ও আঘাতের বিবরণে পেশাদার খুনির সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে বাবুলের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বাবুলের সঙ্গে এম এ সাত্তারের সুসম্পর্ক ছিল এবং হত্যাকাণ্ডের ১৫ থেকে ২০ দিন আগেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরীর শেখানো বক্তব্য অনুযায়ী অথবা বাবুলের স্ত্রী ও মেয়েকে চাপের মুখে রেখে জবানবন্দি আদায় করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন আরিফ। তদন্ত কর্মকর্তার কার্যক্রমকে সন্দেহজনক ও অপেশাদার দাবি করে প্রকৃত অপরাধীদের আড়াল এবং আলামত নষ্টের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান তাঁরা।
এ ছাড়া পুলিশ হেফাজতে বাবুলকে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা এবং পুলিশ কমিশনার ও বাবুলের বক্তব্যের মধ্যে কথিত অসংগতির বিষয়েও তদন্ত দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের পরও মামলার বাদী সেলিনা সুলতানার স্বামী রুহিন খানকে মামলা পরিচালনা না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের বাদীর বাসায় প্রবেশের চেষ্টার ঘটনায় গত ২ অক্টোবর জিডি করা হয়েছে বলেও দাবি করা হয়। এ ছাড়া অ্যাডভোকেট সিরাজুল ইসলামের ছেলে আহমেদ মাহির ফয়সাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বক্তব্য এবং এআই-নির্মিত ছবি ও ভিডিও ছড়িয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়।
আরিফ ইফতেখার জানান, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরতে তিনি একটি ভিডিও তথ্যচিত্র তৈরি করেছেন। তিনি দাবি করেন, বর্তমান তদন্ত সংস্থা পিবিআই সিলেট যেন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং প্রকৃত ঘাতকদের শনাক্ত করে বিচারের আওতায় আনে।
সংবাদ সম্মেলনে নিহত গৃহকর্মী তাহমিনার মা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

























