
মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার, জয়শ্রী ইউনিয়নের শানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, টাকা দিলে পরীক্ষায় পাস করানো হয়, আর টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বিদ্যালয়ে এসে শিক্ষকদের ঘুমানো, নিয়মিত পাঠদান না করা, শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়াসহ বিভিন্ন কাজ করানো এবং কাজ করতে না চাইলে মারধরের অভিযোগও উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্যে মাত্র একজন শিক্ষক উপস্থিত রয়েছেন। এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও পাঠদানের পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা শিক্ষকদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরে।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে হাজিরা দেওয়ার সময় শিক্ষকদের নাম ডাকার জন্য বলতে হয়। শিক্ষার্থীরা মনে করিয়ে না দিলে অনেক সময় শিক্ষকরা হাজিরা খাতায় নাম ডাকেন না। তাদের অভিযোগ, শিক্ষকরা বিদ্যালয়ে এসে ঠিকমতো পাঠদান না করে অফিসকক্ষে ঘুমান এবং অনেক সময় বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। ফলে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিদ্যালয়ের ঝাড়ু দেওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তাদের দিয়ে করানো হয়। এসব কাজ করতে না চাইলে শিক্ষকদের হাতে মারধরের শিকার হতে হয়। এ ছাড়া নুডলস, বিস্কুট কিংবা টাকা না নিয়ে গেলে শিক্ষকদের বকাঝকা শুনতে হয়। এমনকি পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ তাদের।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, টাকা দিলে শিক্ষার্থীদের পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়, আর টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের এমন অভিযোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রধান শিক্ষক রবেন্দ্রের চাকলাদারের স্ত্রী শিমা রানী চাকলাদার একই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এ ছাড়াও এখই পরিবারের ভাবি ও ননদ একই বিদ্যালয়ে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। একই পরিবারের একাধিক সদস্যের একই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ে উপস্থিত সহকারী শিমা রানী চাকলাদার শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একা। আমার যে ক্লাস রয়েছে, আমি তা নেব। সময় পেলে অন্য ক্লাসও নেব।
তবে চারজন শিক্ষকের মধ্যে মাত্র একজন শিক্ষক উপস্থিত,
এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করার দায়িত্ব শিক্ষকদের। অথচ শিক্ষার্থীদের মুখে যদি এমন অভিযোগ উঠে আসে, তাহলে বিষয়টি কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ নয়ন বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

























