
রাশেদ আহমদ, রাজনগর (মৌলভীবাজার),
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে বাংলা কিউআর (QR) কার্যক্রমের প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজনগর উপশাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাংলা কিউআর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক তাসরিবা হক। এতে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সিলেটের ইভিপি ও ম্যানেজার পীযূষ কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল এবং রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ।
ফয়ছল আহমদ ও কামরুল ইসলাম রাফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছালিক আহমদ সিদ্দিকী, ফুয়াদ আহমেদ মুরাদ, সোনালী ব্যাংক রাজনগর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান, আলাউদ্দিন, শিব্বির আহমদ ও ছালিক মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত দেশের প্রথম সর্বজনীন ও আন্তঃচালনযোগ্য কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কিউআর কোড ব্যবহার করে সহজে লেনদেন করতে পারবেন। এতে নগদ টাকার ব্যবহার কমার পাশাপাশি ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে।
প্রধান অতিথির বক্তব্যে তাসরিবা হক বলেন, দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়ছে। ‘এক দেশ, এক কিউআর’ নীতি চালুর পর এ মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেড় মাসের ব্যবধানে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এবং টাকার অঙ্কে তা বেড়েছে প্রায় তিন গুণ।
তিনি আরও বলেন, গত ১ জুলাই থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এরপর থেকেই এ মাধ্যমে লেনদেন বাড়তে শুরু করেছে। এ কার্যক্রম সফল করতে ব্যবসায়ী, গ্রাহক ও সংশ্লিষ্ট সবাইকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে হবে।

























