
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
মানুষের তৈরি আইন দিয়ে কখনোই পরিপূর্ণ ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
তিনি বলেন, মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। মানুষের তৈরি ব্যবস্থায় বারবার বৈষম্য, অবিচার ও শোষণের জন্ম হয়েছে। তাই সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া বিধান ও ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই।তিনি আরও বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশেও আল্লাহ তাআলার নিষিদ্ধ সুদকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। মদকেও বৈধতা দেওয়া হয়েছে। মানুষের আইন তৈরির ক্ষমতার অপব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই নিজেদের জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাফত মজলিস সেই লক্ষ্যেই মানুষকে আল্লাহর আইন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের দিকে আহ্বান জানাচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের জামতলাস্থ মজলিস কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীকে নিয়ে আয়োজিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস এ মাহফিলের আয়োজন করে।
মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

























