
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় জয় চন্দ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় চন্দ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও গ্রামের নারায়ণ চন্দ্র চন্দ ও মালা চন্দ্র চন্দের ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়া থানার ২৬/১ সতীশ সরকার রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে সদ্য কেনা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাছুয়াপাড়া রেললাইন এলাকায় বোনের বাসায় বেড়াতে যান জয়। পরে রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শ্যামা কালীপূজামণ্ডপে যান। পূজা শেষে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
পথে পাগলা তালতলা এলাকায় দুলালের টায়ার মেরামতের দোকানের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পঞ্চবটীর দিকে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জয় সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

























